Saturday, 28 June 2014

ক্ষতি কি !



কিছু কথা আজ নয় বাকি থাক 
দুটি চোখে স্বপ্নের রূপ পাক । 
কিছু কথা আজ যদি হয় গান , 
সুরের ধারায় মন করে স্নান । 
কিছুটা সময় যায় হারিয়ে - 
যাবে কি থমকে তুমি দাঁড়িয়ে ? 
সুরে সুরে মালা গেঁথে 
দু'চোখে স্বপ্ন এঁকে 
'ভালবাসি' যদি বলো , কি ক্ষতি ? 
মধুক্ষণ শেষে , নয় রবে মনে 
কিছু মধু-স্মৃতি !!

তবু ভালোবাসি





অনেক যন্ত্রণা সয়ে তবুও তো হাসি , 
এক আকাশ হৃদয় জানি নক্ষত্রহীন, 
জানি সে উন্মাদ প্রতিদিন , 
তবুও তো কাছে আসি, 
তবু স্বপ্ন দেখি , তবু ভালোবাসি । 
প্রতিদিন নতুন ক'রে ভালোবাসি ।

ফেসবুক স্ট্যাটাস



দুপুরবেলা কর্তাবাবু আপিস থেকে ফেরে 
গিন্নি তখন আপনমনে ফেসবুকেতে প'ড়ে । 
কর্তা বলেন , কোথায় গেলে ? 
পেটটা বুঝি গেলোই জ্বলে ! 
খিদের জ্বালায় আজ মনে হয় যাবোই আমি মরে । 
গিন্নি বলেন , ফিরে থেকেই করছো কেবল তাড়া ! 
চিল-চ্যাঁচানি জুড়লে এমন , শুনলো গোটা পাড়া । 
একটুখানি সবুর করো 
ধৈর্য্য তোমার অল্প বড়ো ! 
লাঞ্চ-স্ট্যাটাস দিলেই হবে এবেলার কাজ সারা । 
কর্তা ভাবেন-বন্ধুরা সব বড়ই ভাগ্যবান , 
লাঞ্চ,ডিনার,ব্রেকফাস্ট,সব সময়মতো পান ! 
হতভাগা শুধুই আমি 
হায়রে স্বামী , না , আসামী ! 
মুখে কুলুপ, ভয়- পাছে হয় তেনার অসম্মান , 
নির্যাতনের স্ট্যাটাস দিলে থাকবে কি আর মান ? 
তার চেয়ে তো যাওয়াই ভালো প্রাণ !!

বিষণ্ণ. রূপকথা



মেঘের মস্ত পাহাড় - 
সেখানে এক স্বপ্নপুরী , 
নানান রঙের বাহার ! 
মেঘের রাজ্য ছুঁয়ে ফেলে 
কল্পনারই পাখনা মেলে , 
শুধুই বুঝি মেঘবালিকা ? 
মেঘবালকও থাকে সেথা । 
রঙের খেলায় , প্রাণের মেলায় 
বড়ই সুখে দিন চলে যায় | 
মাঝে মাঝে বিজলী রাণী 
ঝিলিক মারে একটুখানি । 
মেঘ- রাজও তার মন্দ্র রবে 
ওঠেন মেতে সে উৎসবে | 
বর্ষা মেয়ে থাকে একা - 
স্বপ্নপুরীর কায়দা কানুন নাই যে শেখা ! 
রঙহীন, তাই ঠাঁই মেলে না স্বপ্নপুরে 
ক্লান্ত মনে একদিন সে পড়ে ঝরে 
নিঃশব্দ অভিমানে - মাটির ' পরে ॥

মনের কথা



মনের কথা রেখনা আর মনে 
জমলে কথা বাড়বে বুকের ভার 
নাইবা হলো ব্যাক্ত ঠোটের কোণে 
চোখের ভা্ষা ই করো এখন ধার 

সব কথা কী শব্দ দিয়ে বাঁধা? 
নিরবতা ও অনেক কথা বলে 
চোখের পাতায় সাজিয়ে নিয়ো ধাঁদা 
কাটব সাঁতার ওই আঁখির ই জলে 

ডুব দিয়ে ফের আবার উঠে ভেসে 
শান্ত দিঘীর বাড়বে কোলাহল 
উঠল উজান উঠবে মনের দেশে 
অতল গহীন কেউ পাবেনা তল

বন্ধু তুমি তৈরি থেকো



যাচ্ছি, যাব ; হয়তো যাব , 
খুব মনে হয় এবার যাব 
যেতেই হবে। 
যাবোই যাব অচিন পুরে 
অনেক দূরে ঠিকই যাব 
যে করে হোক। 
যে দিক খুশি সেদিক যাব 
যাবোই যাব হারিয়ে যাব 
দেখে নিও এবার। 
ফিরবো না আর , কে ফেরাবে? 
হয়তো ফিরে এসেছিলাম সে’বার। 
এবার আমি যাবই যাব 
বন বাদাড়ে, কোন পাহাড়ের 
ঝরনা ধারায় মন হারাব ! 
দেখব গিয়ে কোন সে নদী 
কোন সাগরের নীলাভ জলে স্নান করে। 
যাচ্ছি,যাব 
বন্ধু তুমি তৈরি থেকো- 
জানি তোমার সঙ্গ পাবো।

মিলন



রাতের ঠোঁটে দিনের আদর গেলাস ভরে উষ্ণতায় 
আমার বুঁকে চন্দ্রদহন তোমায় কেবল ছুঁতে চায়। 
বিদেশ বিভুই পথ চিনিনা তাইতো হাঁটি ভুলপথে 
চাঁদ পাশে রয় তবু তারার হয়না মিলন তার সাথে।

গোলাপ



গোলাপ, তার কোমল কোমলতর পাপড়ি - 
যতই থাক কাঁটার পাহারা 
কখনই হতে পারে না তাহারা 
আত্মরক্ষার তরবারি

নির্দোষ কলি



অবাক না হ'তে হ'তে 
দেখি কাজের বউটা 
বাবুর বউ হয়ে যায় । 

অবাক না হ'তে হ'তে 
দেখি নিজের দিদিটা 
বরের গিন্নী বনে যায় । 

অবাক না হ'তে হ'তে 
দেখি ও বছরের ভাইফোঁটা 
এ বছরে মালা হয়ে ঝোলে । 

অবাক না হ'তে হ'তে 
দেখি দেবতাও নীল ছবিতে 
মাথা গলিয়ে বসে আছে ।