Sunday, 26 January 2014

সুন্দর এই পৃথিবী



বুকখানি চিড়ে উঠে কত অট্টালিকা 
কান্না নেই তবু করে না দুঃখ 
নেই ক্রোধ,কখনো হয় না রুক্ষ 
কক্ষপথেই ঘুরে নিয়ত একা একা। 

যেন হদয়ে এক সে উদ্যান সাজানো 
কত যে আরো নগর বন্দর 
লক্ষ প্রাণ ও পর্বত নহর 
যেখানে কলতান,কোলাহল কখনো। 

নিঃশব্দে দাঁড়িয়ে আছে,সদা যেন হাসে 
তারই রক্তে পালিত বৃক্ষলতা 
হৃদয়ে শুধু মমতা নির্মলতা 
দিনে রবি, তমসে শশী দাঁড়ায় পাশে। 

ঝড় ঝাপটায়, কখনো বৈশাখী ঝড়ে 
যেন নিয়ে যায় কেড়ে কত ধন 
চালায় ধ্বংস যজ্ঞ প্রাণ নিধন 
তবু মুক হারায় ভাষা, কেঁদেই মরে। 

কার কি প্রয়োজন খাদ্য বাস সবই 
মেটায়; নেই যে রাগ অভিমান 
দ্যাখে, ছোট বড় সবাই সমান 
কত যে মহান সুন্দর এই পৃথিবী।

Monday, 20 January 2014

ইচ্ছে করেনা তোমার?


মনটা চাইতে পারেনা আমার, 
তোমার ঐ কোমল বুকটাতে 
মাথা রেখে ঘুমের ভান করে সুয়ে থাকি? 
তোমাকে অশান্ত বুকটাতে জড়িয়ে 
তোমার উষ্ঞ নি:শ্বাস অনুভব করি 
আর চুপি চুপি তুমি শুধু আমার 
আর আমি শুধুই একান্ত তোমার? 
তোমার কি ইচ্ছে করেনা বল, 
আমাকে জড়িয়ে ধরে স্বপ্ন সাজাতে 
তোমার আগামী সময়ের? 
জান্তে ইচ্ছে কি করেনা তোমার 
তোমাকে নিয়ে হৃদয়ের গভীরে 
কত ভালবাসা সঞ্চিত হয়ে আছে? 
হয়তো আমি যেভাবে ভাবি 
তেমন করে ভাবনা তুমি আমাকে, 
যদি আমার মত করে ভাবতে আমায় 
তাহলে কি পারতে তুমি 
এত দূরে আজো থাকতে আমার?

পারমাণবিক প্রেম



হঠাৎ কেন যেন মনে হল জীবনটা একটা পরমানু 
বহু আগে কেউ বলত বিভাজ্য নয় এ কিছুতে, 
পরে কেউ পেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন আর কত কি! 
তেমনি আমার জীবনটাও বিভক্ত হল তোমাতে। 

এর পর দেখা গেল প্রোটন নিউক্লিয়াসের কোলে 
ইলেকট্রন টাকে পাওয়া যায় না নিশ্চিত, 
তুমিও তো আজ অন্যের হাত ধরে 
আমি আজ ইলেকট্রনের মতো অনিশ্চিত। 

এরও পরে নিউক্লিয়াসে, নিউট্রন প্রোটনের ফাঁকে ফোঁকরে 
‘কোয়ার্ক’ নামে রয়েছে আরও কত কি! 
তুমি ও তোমার ‘সে’ আজ হয়ত বুঝেছ 
তোমাদের অপূর্ণ জীবনের ফাঁকে আজও রয়েছি আমি...।।

Sunday, 19 January 2014

ওগো ঝরা পাতা !




শুকনো কিছু পাতা 
পথের উপর পড়ে, 
ঝরেছিল বোধ হয় 
আঁধার কালো ঝড়ে। 
আরো শুকানোর তরে 
রৌদ্র তাকে পোড়ায়, 
কারো পায়ের চাপ 
ধরার সাথে মেশায়। 
উর্বর হয় মাটি 
পাতার ভালোবাসায়, 
স্বপ্ন চারা উঁকি 
দেয় নতুন আশায়। 
চারা হল গাছ 
শুন্যে দুহাত মেলে, 
গাছের প্রচুর পাতা 
জীবন খাতা খোলে। 
আকাশ ছোবার তরে 
কিছু পাতা উড়ে, 
লোভের যাতাকলে 
গেল বুঝি পড়ে। 
বাতাস তখন আবার 
হয়ে গেল ঝড়, 
পড়ল এসে পাতা 
আবার মাটির পর।

Saturday, 18 January 2014

মহামানবী



তোমার বার্ষিক আয় থেকে 
যদি গরিব,দুঃখী,অনাথ, 
অন্ধ,সংগঠনকে দান করো 
বলবো না কখনো 
ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ালে না কেন? 

তোমার মা,বাবা,ভাই,বোন, 
কাকা,কাকীমাকে নিয়ে 
যৌথ পরিবারের মায়ায় বড় হলে 
বলবো না কখনো 
নিউক্লিয়ার ফ্যামিলি গড়ো নি কেন? 

তোমার যদি প্যাশন হয় 
গিটার,ছবি আঁকা,অভিনয় 
কিংবা পশুপাখির ছবি তোলা 
বলবো না কখনো 
কম্ম নেই,আকাজের ঢেঁকি যেন।

নতুন এক পৃথিবী



যখন পাখির ডানায় ভর করে স্বপ্নেরা আসে, 
কল্পনারা কল্প কথা আঁকে মেঘের ভাজে___ 
রাতের গভীরতা দুটি হৃদয়কে আবেশিত করে রাখে, 

খুব শীতের সকালে পাতার ডগায় শীত পড়ার শব্দে 
টিনের চাল যখন টুং টাং করে ওঠে, 
যখন ভেজা ঘাস কবির খাতাতে কলমের কাজ করে 
আমি খুব আবেগে জড়িয়ে রাখি তোমায়, 

প্রকৃতির সমস্ত বিরূপতার বিপরীতে 
সব পাতা ঝরা সময় থেকে দূরে, 
তখনও পাখীর আড়মোড়া ভাঙেনি প্রভাতে 
তুমি নিশ্চিন্তে আঁকড়ে থাক আমায়, 

ভালবাসার আদিম নেশা করছে পট পরিবর্তন 
খুব যতনে গড়ছি দুজনে নতুন এক পৃথিবী 
শুধু দুজনার মাঝে ।।

একাকী



যে কটা অক্ষর,শব্দ,বাক্যবিনিময় 
হয়েছে কিংবা হবে 
তার চেয়েও অনেক অনেক বেশি 
রয়ে যাবে বাকি। 

জীবন অনন্ত নয় গো। 
বসে বসে ভাবি একাকী 
প্রতীক্ষার আরেক নাম জীবন 
তাই বেঁচে আছি,বেঁচে থাকি।

Wednesday, 15 January 2014

ভেজাল




মরুভূমি মরুভূমি life 
Oasis হয়ে যাক না 
Boring নীল আকাশ আজ 
রামধনু রঙ নিশানা! 

Claustrophobic সমাজে 
দমবন্ধ হাঁসফাঁস 
Don’t care attitude 
নিয়ে এগোও bindass! 

happening হতে তুমি চাও? 
মুখে রাখ cool dude ভাব 
মনে রেখো ভেজালেরই চল 
Purity নিপাত যাক!

Tuesday, 14 January 2014

উড়ে যায় পাখি









উড়ে যায় পাখি 
জলে ভরে আঁখি, 
টেনে প্রেমের ইতি 
রেখে যায় স্মৃতি, 
ভুলে যায় কথা 
দিয়ে মর্ম ব্যাথা, 
নিত্য অভিমানে 
গেয়ে যায় গানে, 
হৃদয়ের যত আশা 
হারায় তার ভাষা, 
স্বপ্ন ভাঙ্গা চোখে 
বিষাদ জাগে বুকে, 
ভুলের মাসুলে আমি 
দিগ্ধ হব নিত্য জানি, 
জানি আর পবোনা দেখা 
থাকি মরমে নিরব একা।

Monday, 13 January 2014

ফুলকুমারী






ফুলকুমারী, ফুলকুমারী 
এবার তোকে দিলাম আড়ি 
দিব্যি কেটে বলছি তোকে 
আর যাব না তোদের বাড়ি 

ঝিনুক বাহার নদীর ধারে 
কিম্বা ওই নীল পাহাড়ে 
আমার পা পড়বে না আর 
চোখের জলও ঝরবে না আর 
বলছি তোকে দিব্যি কেটে 
পুকুর পাড়ে হেঁটে হেঁটে , 
তোর এখনও মনে পড়ে, 
ঘরের চালে নতুন খড়ে 
হঠাৎ বসা সেই পাপিয়া? 
কিম্বা বেয়াক্কেলে টিয়া 
কেমন করে উঠতো ডেকে? 
যেই না শোনা কাজল চোখে 
তড়িঘড়ি লজ্জা এঁকে 
আমার কোলে মুখ লুকোতি ! 
ঠিক তখনই পুকুর পাড়ে 
সবুজ কোনো ঝোপের আড়ে 
জল ভরতো এক পোয়াতি ! 

আমার কোলে মুখ লুকিয়ে 
বলতিস তুই ফিসফিসিয়ে 
আমি কিন্তু এমন করে 
আমার শরীর ভরে গেলে 
আসবো না আর পুকুর পাড়ে 
তুলবো না জল কলসি ভরে, 
আগে থেকে রাখছি বলে 

সূর্যিমামা ডুবতো তখন 
দূরে কোনো মাঠের আলে 
নরম আলো উঠতো নেচে 
ওই যে বুড়ো চাঁপার ডালে, 
মন খারাপ আমার তখন, 
একটু পরেই চলে যাবি ! 
অন্ধকারে বুকটা আমার 
মাছের মত খেতো খাবি ! 
তোকে ছুঁয়ে বলতাম তাই 
রাতেই যদি যাই মরে যাই ! 
বল না সোনা ফুলকুমারী 
তুই কি আমায় ভুলে যাবি ? 

আমার ঠোঁটে বসতো তখন 
তোর সে আঙুল নক্সিকাঁথা 
চোখের জলে যেতিস ভেসে 
বালাই ষাট এমন কথা ! 
দোহাই তুমি আর বোলো না , 
এমন করে বুক ভেঙো না, 
হাজার বছর বাঁচবে তুমি-- 
মরণ হবে আগে আমার , 
থাকবে তুমি আমার কাছে 
যেমন আছে ঝিনুক বাহার 

ঝিনুক বাহার, ঝিনুক বাহার 
নে গিলে নে দু:খ আমার 
শোন রে নদী সর্বনেশে 
তোর জলেতেই ভেসে ভেসে 
এলো সেই রাজার কুমার , 
চোখ ধাঁধানো তার সে তরী 
কাড়লো আমার ফুলকুমারী 
আঁকছি তবু তারই ছবি 
হতভাগা শূন্য কবি , 
দ্যাখ চেয়ে দ্যাখ চোখের জলে 
চাঁদ মামাটা যাচ্ছে গলে ; 
শোন রে নদী ঝিনুক বাহার 
শেষ মিনতি তোকে আমার 
ভাসবে কাল সোনার তরী 
ফুলকুমার ফুলকুমারী 
যত্ন করে ওদেরকে তুই 
চাঁদ নগরে পৌঁছে দিবি

বিদ্রোহী




 

আমি অশান্ত দুর্বার, ছাড়ি প্রলয়ংকরি হুংকার, 
ভেঙ্গে করি চুরমার, শোষকের যত অহংকার! 

শোষিতের ব্ন্ধু আমি, নির্যাতিতের স্বজন, 
আমার আমি নই, সবার আমি, সবার তরে আমার এ জীবন। 

ছুটি আমি দাবানল হয়ে, জ্বালাতে অসত্যের ভূবন, 
কাঁপে ধরা মহাপ্রলয়ে, ভয়ে কাঁপে পাপীর ভিরূ মন! 

আমি জন্মিব বার বার, অত্যাচারির জমদূত হয়ে, 
ফুটাব মূখে হাসি সবার, থাকিব হৃদয়ে বিদ্রোহী হয়ে..

Sunday, 12 January 2014

আমি ভাল আছি




তুমি যেমন রেখে গেছ, 
ঠিক তেমনি আছি..…। 

মাঝে মাঝে, 
তোমাকে না পাওয়ার 
বেদনা গুলো আমাকে হাসায়.… 

কেন জানো…?? 
যখন তোমার ভালোবাসার 
অভিনয় গুলো মনে পরে..…।

Saturday, 11 January 2014

শুভ রাত্রি










রাতের তারা রাতের তারা 
ডাকলে কেনও দাও না সারা 
বন্ধু হতে চাইছি তোমার 
শুনছো না যে কথা আমার 

একলা হেসে মিটি মিটি 
দিচ্ছ আমায় শূন্য চিঠি 
তাকিয়ে আমি তোমার পানে 
মনটা তোমার কোন খানে ? 

তুমিও একা আমিও একা 
নেইত আর কারোর দেখা 

এসো দুটো কথা বলি 
দুষ্টু তুমি দম্ভ ভারি 
তোমার সাথে আমার আরি 
আর নেই কোন কথা বাকি 

রাত হল অনেক এখন 
এরপর আমি শোব কখন? 

আসি বন্ধু দেখা হবে 
তুমি সদাই মনে রবে।।

দালাল




মাঠে আমি খাটিনা ধান পাট কাটিনা শার্ট প্যান্ট পড়ি 
টেন্ডার বাগাই সারাদিন ঘুমাই বিদেশেতে পাঠাই লোক, 
হাউজিং করি, ব্রাউজিং করি সাহেবের তোষামদি করি __ 
টাটকা টাকায় কিনি আমি ঢাকায় দামি নাকের নোলক। 
চাকরি আমি করিনা, চাকরিটা দেই আমি সরকারি দল, 
আশুলিয়াতে আছে টঙ্গিতে আছে আমার কটি যন্ত্রকল, 
কালো টাকারে আমি সাদা বানাতে মেশিন কিনেছি ঘরে 
সেই যন্ত্রে টাকা গুলো আমার ধবধবে ফর ফর করে।। 

কোনো কাজ নেই, অথচ আমি অনেক কাজের কাজী, 
চাষারা দেয়, মাসারা আসে আবার ফাইল করাই পাড় __ 
বাস কোম্পানি, কয়লার খনি, আর ভেজালে যত গাজী, 
আমার ভাগটা, আস্ত মালটা, আমার ছাড়া আর কার ? 
আমি তাই ভাই খোলস বদলাই আমি তো সরকারি লোক 
মানুষ আমাকে উপাধী দিয়েছে আমি লিকলিকে এক জোঁক।

Friday, 10 January 2014

দৌড়





ছুটছি আমি, ছুটছ তুমি 
ছুটছি আমরা সবাই 
ছুটছি আমরা, ছুটছ তোমরা 
কেন? বলতে হবেই 

ছুটছি কেন কেউ জানি না 
- ছোটাই তবে সার হবে না? 

অবশেষে বলতেই হয় শেষমেশ - 
ছোটাই আমাদের সারকথা 
ছোটা টাই যেন শেষ!

প্রেমের লুটোপুটি




ভালোবেসে কাছে এসে দেই বাসি চুমো 
তুমি তখন জেগে ওঠো প্রেমের খোলস খুলে 
ভিতরে তখন আমার কঠিন ব্যামো 
তুমিহীন কে সারাবে, প্রেমের ফুলে ? 

ভালোবেসে কাছে এসে খুলি মূলতবী ফাইল 
তুমি বলো তুমি না আসবে গেলো গত কাইল 
রেগে তেগে তেড়ে আসো কঠিন প্রেমিকা 
তখন আবার নিভে যায় গোল দীপিকা। 

আঁধার এসে ভর করে আমাদের ভীড়ে 
রাগ ভুলে অনুরাগে হই একাকার 
ভালোবাসায় নিবিড় হও তুমি অতিধীরে 
আমি তখন পৃথিবীর সীমানা পাড়। 

এভাবে করি মোরা প্রেমের খুনসুঁটি 
অজান্তেই পরস্পর খাই লুটোপুটি।

Wednesday, 8 January 2014

এসো নতুন দুনিয়ায় যাই





Aye mere dil kahin aur chal 
A writer's view  

এসো নতুন দুনিয়ায় যাই 

এসো, ছন্দের বেঁড়া ভেঙে মন্দ কথা বলি 
লিখি প্রাঞ্জল গদ্যের মধুর পদাবলি 
এসো, নিয়মের ফ্রেম ভেঙে __ 
ঝাঁপ দেই গহীন গাঙে। 

এসো অরণ্যের আঁধারে যাই 
কল্পনার কথা দিয়ে রঙিন পঙ্ক্ষী বানাই 
আমাদের অন্তর্গত কথার ঝুঁড়ি দিয়ে বানাই শাঁনাই 
সুবাসের ঢলে বেগে বেগে ধাই। 

এসো, শহরের কোলাহল থেকে দূরে 
যন্ত্রকলের শব্দ থেকে দূরে 
সংসারের বিষয় আষয় থেকে দূরে 
চলে যাই আজ হৃদয়ের গড়ে, মধুপুরে। 

এসো ছন্দের বেঁড়া ভেঙে মন্দ কথা বলি 
অনিন্দ্য সুন্দর অনুভবে প্রেমের সুবাসে পথ চলি।

Tuesday, 7 January 2014

প্রবাহ





বেলা বয়ে যায় 
আমি হাঁটি পথের মাঝে 
পথ বেঁকে যায় 
কিছু আঁধারে কিছু ফর্সায় 

আমি দুপুরে 
মাঝে মাঝে বসে যাই রাস্তায় 
বেলা বসেনা 
বেলা বয়ে যায় 
দুপুর গড়িয়ে সন্ধ্যায়।

নীলা কে




নীলা আমাকে ভালোবাসেনি, আমি বেসেছিলাম ; 
নীলা আমাকে দেখেনি, আমি দেখেছিলাম 
নীলা আমাকে ফুল দেয়নি, আমি দিয়েছিলাম __ 
এতদিন পর মনে হলো সে বাসেনি, আমি বেসেছিলাম। 

নীলার কোলো আজ পুষ্ট সতেজ সস্তান, 
নীলা ভুলে গেছে স্মৃতি মন্থন, 
নীলার আজ বন্ধু অগণন, 
নীলার জন্য আমার আজও ফাটে পরাণ। 

নীলাকে আমি ভালোবাসিনি, বেসেছিলো আমার মন, 
নীলার কথা আজ আমারও নেই স্মরণ, 
নীলা ভেবে বসে আছে আমি তাকে ভালোবেসেছিলাম, 
কী করে বলে, আমি না, বেসেছিলো আমার হৃদয় খান। 

আমি আর হৃদয় তো এক জিনিস নয় ; 
সময়ই কাছে আসায় প্রেম আর ভালোবাসা তারে কয়।

Monday, 6 January 2014

দিন কাটে না



ইদানিং দিন কাটতে চায় না__দীর্ঘ মনে হয় 
তুমি নেই বলে দিনগুলো ভারি হয়ে গেছে 
কী অস্থির যন্ত্রণা প্রতীক্ষার প্রতিটি শব্দের ভেতর ! 
আমার সবকিছু যমুনার জলে ভেসে গেছে। 

কোনোদিন রঙিন হবেনা দিন 
দিনগুলি বিবর্ণ ঝরাপাতাদের মতোন শুধু হতাশা ছড়াবে 
দিনগুলি বৃব্ধের ভারি শ্বাসের মতোন ছড়াবে দুষিত কফ 
বেদনাগুলো হয়ে যাবে অবিকল বরফ 
রাঙাবে না কেউ কোনো উৎসবে। 

আমার দিনুগুলি আমার মতোন নিঃসঙ্গ নির্জন 
অনাথের মতোন অনিবার্য নিয়তিকে মেনে নিয়ে জীর্ণ দেহে বেঁচে থাকে 
ভেতরে কষ্ট, যন্ত্রণার আর বেদনার পবন 
দিনগুলি আজ কেমন দুর্বিপাকে। 

দুঃস্বপ্নের রাত



রাত নেমেছে আজ আবার, 
হাজার বছরের নিষিদ্ধ 
পূর্ণিমার রাত। 

কুয়াশায় মাখা, রক্তে ভেজা 
অপার্থিব আলোয় ভেসে যাওয়া 
এক দুঃস্বপ্নের রাত। 

ঘুম গুলো সব 
পড়েছে ঘুমিয়ে, 
নিঃশ্চুপ এই আলো আঁধারিতে। 
আকাশ ভরা রূপালী আলোগুলো 
একা একা থাকে জেগে, তাই 
অপেক্ষায়, ফিরে আসার 
হারিয়ে যাওয়া সুসময়ের। 

রাত নেমেছে আবার আজ, 
শূণ্যতা গুলোকে 
আরও শূণ্য করে, 
হাজার বছরের আরও এক 
মৃত স্বপ্নের রাত।

Wednesday, 1 January 2014

সুপ্ত ভালবাসা



যে ভালবাসা গুপ্ত 
একটি-একটি, দুটি মনে সুপ্ত 
যা ভাষাতেও নয় ব্যক্ত 
পাশে থাকাটাই হয়েছে রপ্ত। 
দেয়না সারা, প্রেমাগুনে মন তপ্ত 
আঁখি ভরা জল, অশ্রুতেও হয়না তবু ব্যক্ত, 
আজ দুজনার রাস্তা উন্মুক্ত 
আজ আমরা দুজন মুক্ত, 
তবু মাঝের কঠিন দেয়াল বড় পোক্ত। 
মানি, ওপারের ভালবাসাটা দীপ্ত 
জানি, কিছুটা আঁখিজলে সিক্ত, 
মনটা আজ প্রেমেরি আসক্ত 
হে প্রেম তোমার, আমরা দুই ভক্ত। 
তবু তুমি থেকো গুপ্ত 
পারব না ভাংতে, এ বাঁধা বড়ই শক্ত, 
হাতিয়ার বিহীন এ হাত আজ রিক্ত 
কিন্তু তুমি থেকো, জানবেনা কেউ, এ ভালবাসা সুপ্ত। 

অঙ্গীকার - ২০১৪






নতুন বছরে নতুন ভোরে নতুন কোনো ডাক
তোমার হৃদয়ের ভুল স্মৃতি টুকু সব মুছে যাক।
আলোর দিগন্তে মুক্ত হাওয়ায় নতুন কোনো গানে
রাশি রাশি স্বপ্ন দেখো রামধনুর রঙে ।

বৃক্ষরোপন কোরো আজ তোমার উঠোনে
অহংকারের বেড়াটাকে ছিঁড়ে ফেলো এক টানে ।

যে ছেলেটা পায়নি শীতে একটা সোয়েটার
যে মেয়েটার বুকে ওড়না থাকা দরকার,
ওদের কাছে নতুন বছর একটা নতুন জামা
দারিদ্রতার কাছে ওরা পায়নি কোনো ক্ষমা ।

শ্যাম্পেন আর আতশবাজী দূরে সরিয়ে রেখে
এসো নতুন ভারত গড়ি ওদের পাশে থেকে।