Friday, 1 August 2014

নতুন সূর্য


কি হয়েছে? 
একটা রোগ। 
কেমন রোগ? 
সংক্রামক। 
ভুগছে কারা? 
পৃথিবীটা। 
ছড়ায় কারা? 
লোভী যারা। 
মরছে কারা? 
সাধারণরা। 
অস্ত্র পাঁচিল 
মৃত্যু মিছিল । 
কাদের জয়? 
কারো নয়। 
মানুষ মারে 
মানুষ কাঁদে। 
অসহায় মরে 
নির্বিবাদে। 
কাঁদছে যারা 
স্বজনহারা। 
রুখবে কারা? 
আমরা তারা। 
মানুষ থাক 
হিংসা যাক। 
সৃষ্টি হোক 
ধ্বংস নয়। 
নতুন সূর্য 
হোক উদয়॥ 

দীপঙ্কর চৌধুরী 
৩০/০৭/২০১৪

জন্মদিনে

জন্মদিন - 
এ শব্দটির শরীর বেয়ে নেমে আসে 
স্বর্গীয় ঘ্রান 
প্রাণে বেজে ওঠে জীবনের সবহাসি 
সব গান। 
চারপাশে 
কত মুখ 
কতসুখ 
শুভেচ্ছার পাহাড় জমে ওঠে, 
ফোনের পরে ফোন 
এসএমএম আসে 
ইনবক্স ভরে , 
অথচ হায় 
কালের আয়নায় আমি 
যখনই তাকাই 
অবিশ্বাসভরে চেয়ে দেখি, 
আয়ুর কেতাব থেকে খসে 
পড়ে জীবনের পাতা । 
একটি জন্মদিন 
মৃত্যুর হাত ধরে একপা এগিয়ে দেয় 
আমার আঙিনার দিকে । 
কেকের নরোম দেহে 
যতই বেড়ে যায় মোমের আলো 
জীবনের আলো ঠিক ততই 
কমে ধীরে ধীরে । 
যে পথে হেঁটে হেঁটে সামনে এগুচ্ছি আমি 
অথচ জানি না 
কোন সে রোমশ হাত মুছেফেলে 
পথের সে রেখা । 
শুধুজানি যেতে যেতে 
একদিন থেমে যাবো আমি 
পেছনে ফেরার আর থাকবে না পথ 
কেবলই গভীর-কালো-ঘণঅন্ধকার ছাড়া । 
জীবন-পাশার চালে দিশেহারা আমি 
সোনালি-সবুজ খেত খেয়ে যায় 
মাজরা পোকা , 
অথচ জন্মদিনের উৎসবে মাতি 
সত্যি আমি এক নিরেট বোকা। 
হায়রে অবুজ দিন 
সবুজ স্বপ্ন মাখা 
কোনো দিন আমি তার 
পাবোনা তো দেখা। 
আমার সেগুনকাঠে ঘূণপোকা বেঁধেছে বাসা 
খেয়েছে যে শাস, 
চতুর সময় আর আমাকে 
জন্ম দিনের কথা বলে 
কত দেবে মিথ্যে আশ্বাস । 
আমার দিনের ধান খেয়ে যায় 
কৃষ্ণ ইঁদুর 
তবু জন্ম দিনের তৃষ্ণা হবে না 
হবেনা তো দূর । 
বারাবার 
বহুবার 
জন্মাতে চাই আমি পৃথিবীর বুকে 
এ চাওয়াই আমার আজন্ম চাওয়া হোক , 
স্বর্গ চাই না আমি 
বারবার 
আমার ঠিকানা হোক পৃথিবী-নরক । 

দীপঙ্কর চৌধুরী 
১/০৮/২০১৪ 
রাত ৮টা ১০ মি :