Thursday, 7 November 2013

ভুতুড়ে বিসর্জন

|| ভুতুড়ে বিসর্জন || 

সেদিন রাতে দিব্য চোখে দেখনু বিনে চশমাতে 
ভুতের নেত্য শহরজুড়ে কৃষ্ণনগর এর রাস্তাতে 

পেত্নী নাচে তা-থৈ তা-থৈ, মামদো নাচে ডিস্কো 
কালিমাতা ভাসান দেঙ্গা, কৌন ডরেঙ্গা কিস্‌কো 

বোতল ঘোরে এ-হাত সে-হাত, আকাশ ঢাকে ফাগে 
ভুত যে এমন সুরা-আসক্ত জানতাম না আগে ! 

শাঁকচুন্নি’র কোমর দোলে, বোতল দোলে হাতে 
পঞ্চাশোর্ধ প্রেত বাবাজী ভুঁড়ি দোলান সাথে 

হাজার হাজার ভুতের মিছিল কেউ খোজা কেউ রাজা 
নানান গাড়ি, নানান আলো, নানান ব্যান্ড-বাজা 

‘জয় মা কালী’ আওয়াজ তুলেই কারন-বারি গেলে 
দেখলে সে সব ভুতের কাণ্ড চমকে যেতো পিলে 

ভাবলাম আমি অবাক হয়ে – ‘এতও ভুত আছে, 
দিনের আলোয় জরুর এরা মানুষ সেজে বাঁচে’ 

ভাবলাম আরও – ‘ভক্তি কোথায়, রীতি কোথায় আর, 
শহরজুড়ে এখন কেবল ভুতের অধিকার’ !! 

দীপঙ্কর চৌধুরী 
৮/১১/২০১৩

No comments:

Post a Comment