ছোট-কাকুর টাকে
য়্যা করেছে কাকে
কোয়েল, দোয়েল, টিয়া হোলে
নাহয় যেত বোঝা
পক্ষী-অধম কাকের পুরিস
বহন করা সোজা !
শ্যাম্পু দিয়ে টাক ধুয়েছে
তবু কাকুর রাগ
ফুঁসছে যেন খাঁচায় পোরা
সোঁদর বনের বাঘ !
বললো পিসি – খারাপ তো নয়
লক্ষণটা ভালো
দেখতে হবে কি রং সেটার
ধূসর নাকি কালো !
কালো হলে ভোলাই নিয়ম
ঘটনাটাই যা-তা,
ধূসর হলে গজাবে চুল
ভুরভুরে এক মাথা ।
চুলের আশায় করল কাকু
দাওয়াই কত স্বদেশী ইউনানি
এতদিনে মিললো বুঝি
আসল ওষুধখানি !
তোমরা যারা কুন্তলহীন
চিকন সাদা টাক
ঠায় নিচে তার দাঁড়িয়ে থেকো
দেখলে ধূসর কাক !!
No comments:
Post a Comment