Saturday, 7 December 2013

অভিলাষ




"He's the one 
Who likes all our pretty songs, 
And he likes to sing along, 
And he likes to shoot his gun, 
But he knows not what it means..." 

- Curt Cobain (from the song: In Bloom) 

"ছেলেটি" 
------ 
ছেলেটি ভালবাসত কবিতা পড়তে, 
ছেলেটি কবিতা লিখত মাঝে মাঝে। 
ছেলেটি ভালবাসত গান শুনতে, 
ছেলেটি পারত সুন্দর গান করতে। 

সকালের পাখির ডাক শুনে সে খুশি হত, আবার 
সন্ধ্যায় ফেরা পাখিদের কলরব তাকে বিষণ্ন করে দিত। 
অন্যের দুঃখে তার চোখে জল আসতো। 

ছেলেটি ভালবাসত দেশ বিদেশের বই পড়তে। 
পাহাড়ে বনে জঙ্গলে মাঝে মাঝে বেরিয়ে পড়ত, 
আবার সমুদ্রের ঢেউ আর নোনা হাওয়া তাকে টানতো। 
বৃষ্টি পড়লে সে খুশি হয়ে হেসে উঠত। 

কি যে হলো, নিত্য নতুনের টানে একদিন 
ছেলেটি আপন মনে ঘুরতে ঘুরতে 
কোন এক গলিতে ঢুকে পড়ল, 
সেখানে কারা ওকে হাতে তুলে দিল নতুন জিনিস - বন্দুক। 

ছেলেটা আর বাড়ি ফিরল না - 
পাখিদের কিংবা গাছ গাছালিদের কাছেও না, 
বৃষ্টি, কবিতা, গান, পাহাড়, সমুদ্র, দেশ বিদেশের কাহিনীর কাছেও না। 
-------- 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে অতি প্রত্যূষে জেগে উঠত 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে বইয়ের থলিটি কাঁধে নিয়ে বিদ্যা পথে ছুটত 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে জ্ঞানী গুণীদের সামনে নত শির 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে অন্যায়ের সামনে দুর্দম বীর 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে গাঁইতি কোদাল হাতে সভ্যতা গাঁথে 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে রাষ্ট্রনায়ক হয়ে নাশতা করে মজুরের সাথে 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে মায়ের সম্মানে, মাটির জন্য লড়ে 
আমি হতে চাই সেই ছেলেটি 
যে দোদুল্যমান অনিশ্চয়তাকেও নিশ্চিত ভাবে ধরে 
আমি হতে চাই সেই ছেলেটি 
যার বক্ষ সহে লক্ষ কোটি যন্ত্রণা 
আমি হতে চাই সেই ছেলেটি 
যাকে বশীকরণ তাবিজ বশে না, ব্যর্থ হয় কু-মন্ত্রণা 
আমি হতে চাই সেই ছেলেটি/ যার কোমল হৃদয়, মায়াময় দুটি আঁখি 
আমি হতে চাই সেই ছেলেটি 
যাকে পেয়া মা বলে 'সোনা ময়না পাখি 
আমি হতে চাই না সেই ছেলেটি 
যে ন্যায়ের বিপক্ষে অস্ত্র ধরে 
আমি হতে চাই না সেই ছেলেটি 
যে নিষ্পাপ এক কলি, ফোঁটার আগেই ঝরে...।।

No comments:

Post a Comment