আশাতে মানুষ বাঁধে মানুষের মন
ফাঁসাতে হাসাতে হয় মিছে সারাক্ষণ,
দু’চোখের লোনা পানি ভাঙনের খেলা
এই তো জীবন ভবে দু’দিনের মেলা ।
ভাসাতে ভাসতে হয় কতো দিন যায়
হতাশা বাতাসা কিনে চুপিচুপি খায়,
না বলা মনের কথা কবিতার খাতা
এই তো জীবন খোলা দু’চোখের পাতা ।
ভালোবাসা মিলে ভাসা ভাঙা ছোট নায়
কি ভুলে জানি না কূলে ঢেউ ভেঙে যায়,
বালুচরে আশা নিয়ে স্বপ্ন বাঁধে বাসা
এই তো জীবন খেয়া কূলে ফিরে আসা ।
আলোকিত ভোর শুরু সারাদিন বেশ
কাজ সেরে সাঁঝে ফেরা জীবনের শেষ ।।
No comments:
Post a Comment